ইত্তেফাক রিপোর্ট
ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় জামিন পেয়েছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এই আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে ব্যর্থ হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কাজলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় দায়েরকৃত দুটি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ ডিসেম্বর এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়াকে নিয়ে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ মার্চ শেরে বাংলা নগর থানায় ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এই মামলায় নিম্ন আদালত জামিন না দিলে হাইকোর্টে আবেদন করে কাজল। ঐ আবেদনের শুনানি নিয়ে জামিন প্রশ্নে রুল জারি করে। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার সিডিসহ আদালতে হাজির থাকতে বলা হয়। তদন্ত কর্মকর্তা হাজির হয়ে ব্যাখ্যা দেন। আবেদনের পক্ষে ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।
শেরে বাংলা নগর থানা ছাড়াও ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীর চর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে কাজলের বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়। বর্তমানে কাজল কারাগারে আছেন।