ঘিওরে দুই চোর আটক আট গরু উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা 

ঘিওরে গরু চোরদের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি উপজেলায় দুই জন কৃষকের গরু চুরির ঘটনায় অভিযানে মাঠে নামে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে সিন্ডিকেটের হোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করে ঘিওর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান ও প্রায় ৮ লাখ টাকা মূল্যের আটটি গরু উদ্ধার করা হয়েছে। তারা চক্রের অন্য সদস্যের নাম বলেছে। পুলিশ জানায়, উপজেলার পয়লা ইউনিয়নের নলকুড়িয়া গ্রামের খলিলুর রহমান ও আরফান আলী খানের গোয়ালঘরের তালা ভেঙে সোমবার রাতে আটটি গরু চুরি করে। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা থেকে বের হওয়ার সব পয়েন্টে টহল জোরদার করে। ভোরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া চেকপোস্টে তাদের আটক করা হয়। এ সময় গাড়ি থেকে এক দুর্বৃত্ত পালিয়ে যায়। দুই জনকে আটক করা হয়। তারা হচ্ছে দৌলতপুরের নাটুয়াবাড়ি এলাকার মো. আলাউদ্দিনের ছেলে তানভীর হোসেন ও টাঙ্গাইলের কাচপাই এলাকার চাঁন মিয়া মন্ডলের ছেলে জুয়েল রানা । 

 ঘিওর থানার ওসি আশরাফুল আলম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অপর পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।