শিবালয়ে আদালতের আদেশ উপেক্ষা করে অবকাঠামো নির্মাণ

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা        

বিরোধপূর্ণ জমি সম্পর্কে আদালতের আদেশ উপেক্ষা করে অবকাঠামো নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শিবালয়ের গোবিন্দবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযোগে জানা গেছে, এ গ্রামের বাসিন্দা সদানন্দ সূত্রধরের বাড়ির সীমানা ঘেঁষে প্রতিবেশী সত্যেন চন্দ্র শর্মা জোরপূর্বক অবকাঠামো নির্মাণ শুরু করে। এ নিয়ে সদানন্দ মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত এ মর্মে কার্যবিধির ১৪৪ ধারায় বিবাদী পক্ষের সত্যেন চন্দ্র শর্মা, নিতাই সূত্রধর ও গোবিন্দ চন্দ্র শর্মার প্রতি নোটিশ দেন। শিবালয় থানার এএসআই মো. মাজহারুল ইসলাম উক্ত নোটিশের পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলেন। অথচ তা অমান্য করে বিবাদীগণ বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান বাদী পক্ষ।