আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এর গতি-প্রকৃতি দেখে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে। কাজেই সব দিক চিন্তা করে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পুরো লকডাউন সম্ভব নয়, পাকিস্তান ভারতে তাতে কোনো লাভ হয়নি। এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি মনিটরিং করছেন এবং তিনি এ বিষয়ে কঠোর। ওবায়দুল কাদের বলেন, মফস্সলে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
মহামারি করোনা ভাইরাসের কারণে এ মুহূর্তে মন্ত্রিসভা পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এ মুহূর্তে মন্ত্রিসভায় আর কোনো পরিবর্তনের কথা জানি না।
প্রধানমন্ত্রী কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার সাহেবদের ব্যাপারে দুদককে তদন্ত করার নির্দেশ দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নজরে আনার পর থেকেই সক্রিয় সরকার। বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি আমলার সংখ্যা বেশি, পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপারে তিনি বলেন, তাদের পরিচয় অর্থ পাচারকারী। এর মধ্যে যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন, সরকারের কাছের লোক থাকেন, কাউকেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, তদন্ত শেষে পাচারকারীদের নামও প্রকাশ করা হবে। ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপকর্ম করলে সে যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, গোল্ডেন মনিরের মতো ঘটনা সামনে এলে কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর সরকার। তিনি বলেন, আমি বলে দিয়েছি, ধর্ষক, নারী অবমাননাকারীর মতো কোনো অপরাধী যদি আওয়ামী লীগ বা কোনো সহযোগী সংগঠনেও ধরা পড়ে শুধু বহিষ্কার নয়, এদের দরজা চিরতরে আওয়ামী লীগের জন্য বন্ধ করে দিতে হবে।
সম্প্রতি আওয়ামী লীগের দুই জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জেলায় অন্তর্কলহ দূর এবং পরিস্থিতি সামাল দিতে পারছেন না বলে নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। এ থেকে শিক্ষা নেওয়া উচিত, দলে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য না। কমিটি অনুমোদন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এগুলো প্রধানমন্ত্রীর নির্দেশে এখন আমিই সই করছি। যেসব উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি নিয়ে সমস্যা আছে সেগুলোর খোঁজ-খবর নিয়ে আমরা ব্যবস্থা নেব। স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী প্রার্থীদের জন্য একটা বার্তা যাচ্ছে। দলের নিয়ম যারা মানবে না, তারা কেউই পার পাবে না।