বিল গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনী এলন মাস্ক

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনী এখন এলন মাস্ক। এক নম্বর ধনীর পদটি দখল করে নিয়েছেন অ্যামাজন সংস্থার কর্ণধার জেফ বেজোস। তৃতীয় নম্বরে বিল গেটস। বিশ্বের কোটিপতিদের তালিকা তৈরি করা ‘ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স’ গত সোমবার এ তথ্য জানিয়েছে। তারা বলছে, চলতি বছরে বিশ্বের ৫০০ জন কোটিপতির মধ্যে দ্রুত এগিয়ে এসে গেটসকে টপকে তালিকার দুই নম্বরে চলে এসেছেন মাস্ক। বছরের শুরুতে মাস্ক ছিলেন ৩৫ নম্বরে। খবর স্কাই নিউজের

বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১২ হাজার ৭৯০ কোটি ডলার। সেখানে বিল গেটসের সম্পদের পরিমাণ ১২ হাজার ৭৭০ কোটি ডলার। এ বছর করোনার       মধ্যেও মাস্কের সংস্থা টেসলা মোটরের শেয়ার বেড়েছে হু হু করে। মাস্ক তার মোট সম্পদ আরো ১০ হাজার ৩০ কোটি ডলার বাড়িয়ে নিতে পেরেছেন। টেসলার বাজারমূল্য এখন ৫০ হাজার কোটি ডলার। গত আট বছরের মধ্যে এ নিয়ে দুবার নিজের জায়গা হারাতে হলো বিল গেটসকে। প্রথমবার তার জায়গা কেড়ে নিয়েছিলেন বেজোস। গেটস চলে গিয়েছিলেন দুই নম্বরে।