ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে শপথ পড়ান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ করে মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়ে দেন। টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ মো. আব্দুল্লাহ করোনায় মারা যান গত ১৩ জুন। এরপর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর পদটি খালি রয়েছে। অবশ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান, মাতার নাম মোসাম্মত্ ফাতেমা খানম। তিনি দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।