বাঘায় কলেজছাত্রী ও রাজৈরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

রাজশাহীর বাঘায় প্রতারণার ফাঁদে পড়ে এক কলেজছাত্রী এবং মাদারীপুরের রাজৈরে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, সোমবার রাতে গ্রামবাসী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ধর্ষক শাকিব হাসানের বাড়ি থেকে ধর্ষণের শিকার হওয়া ঐ কলেজছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। জানা যায়, পার্শ্ববর্তী চারঘাট উপজেলার ঐ কলেজছাত্রী রাজশাহী সরকারি কলেজে পড়ালেখা করা অবস্থায় চক নারায়ণপুর গ্রামের ভ্যাগল সরকারের ছেলে রাব্বী হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে রাব্বী দুই মাস আগে তার বন্ধু শাকিব হাসানের সঙ্গে ঐ ছাত্রীকে পরিচয় করে দেয় এবং নিজের মোবাইল ফোন নাম্বার বদলে ফেলে। এরপর শাকিব তার বন্ধুকে পাইয়ে দেওয়ার কথা বলে ঐ ছাত্রীর সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা বলতে থাকে। এক মাস পূর্বে বন্ধুর বাসায় ডেকে এনে শাকিব বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ঐ ছাত্রীকে ধর্ষণ করে এবং তার ভিডিও ধারণ করে ঘটনা কাউকে জানালে ফেসবুক-ইন্টারনেটে ভিডিও ভাইরাল করার হুমকি                 দেওয়া হয়। সর্বশেষ গত সোমবার সকালে ঐ কলেজছাত্রীকে তার অফিসে ডেকে এনে শাকিব খুব শিগিগরই বিয়ে করার কথা বলে আবারও ধর্ষণ করে। এরপর ঐ ছাত্রী তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারে শাকিব বিবাহিত এবং সে তার সঙ্গে প্রতারণা করছে। এ খবর শুনে ঐ ছাত্রী শাকিবের বাড়িতে গিয়ে চিত্কার-চ্যাঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি অবগত করে। পরে পুলিশ এসে ঐ কলেজছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ধর্ষণ মামলা লিপিবদ্ধ করে।

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, রাজৈরে দুই দিন আটকে রেখে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিষ্ণু কীর্তনিয়া (২৫) নামে এক বখাটের বিরুদ্ধে। বিষ্ণু উপজেলার আমগ্রাম উত্তরপাড়া এলাকার কৃষ্ণ কীর্তনিয়ার ছেলে। ধর্ষণের শিকার ঐ স্কুলছাত্রীকে সোমবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর বখাটে পলাতক রয়েছে।

ডোমারে অটোরিকশায় গৃহবধূ ধর্ষণচেষ্টায় গ্রেফতার ২

এদিকে ডোমার (নীলফামারী) সংবাদদাতা জানান, চলন্ত অটোরিকশায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডোমার-আমবাড়ী সড়কের ভেলেঙ্গার ডারা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতেই ঐ গৃহবধূ বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মফিজপাড়া এলাকার অটোরিকশাচালক কামাল ইসলাম ও একই এলাকার তার সহযোগী ইউনুস আলী।