ছোট ভাইকে প্রকাশ্যে কুপিয়ে মারল বড় ভাই

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে ছোট ভাই ছোলায়মান সরকার শাপলাকে (৪০) খুন করেছে বড় ভাই আদম আলী সরকার (৪৫)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। নিহত ছোলায়মান সরকার শাপলা উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের মৃত আলাউদ্দিন সরকারের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রহমান জানান, আদম আলীর সঙ্গে তার ছোট ভাই শাপলার জমি ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দোকানঘরের ভাড়ার টাকা তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। এ সবের জের ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢোলভাঙ্গা বাজারের জিয়া টেইলারিংয়ের সামনে তাদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আদম আলী পাশের দোকান থেকে একটি ধারালো অস্ত্র (কাচি) নিয়ে ছোট ভাই শাপলার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এতে শাপলা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা চিকিত্সার     জন্য গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

তিনি আরো জানান, এই ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী শাহানাজ ফৌজিয়া বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।