মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিজ্ঞানমনস্ক সমাজ ও তথ্যপ্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অবিরাম কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন। মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ তথা একটি গ্রামে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসা করতে হয়। মন্ত্রী গতকাল মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান।
পরে মন্ত্রী সদর উপজেলার আটটি বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন শিক্ষা কোনো অনুকম্পা নয়, অধিকার। তাই শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারিত ও উপযুক্ত করার জন্য সব পদক্ষেপ তিনি নিয়েছেন।