চলে গেলেন টিএসসির সাবেক পরিচালক

না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাবেক পরিচালক আলমগীর হোসেন (৭০)। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

আলমগীর হোসেনের ছোট ভাই মনিরুজ্জামান ভূঁইয়া জানান, হূদেরাগসহ শারীরিক নানা জটিলতা দেখা দেওয়ায় ১৮ নভেম্বর আলমগীর হোসেনকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে।  পরে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়। তাতেও কাজ হয়নি।  সোমবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে ইব্রাহিম কার্ডিয়াক থেকে আলমগীর হোসেনকে নিয়ে যাওয়া হয় পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে।  রাত ১০টার দিকে সেখানে তিনি মারা যান।

আলমগীর হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আলমগীর হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই বারের সভাপতি। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রীও করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন।