কমলাপুর রেল স্টেশনে চারদিকে নিয়ন আলো। কিছুক্ষণ পরপরই বেজে উঠছে ট্রেনের হর্ন। গন্তব্যে ছুটে যাচ্ছে যাত্রী সমেত ট্রেন। প্ল্যাটফরম জুড়ে যাত্রীদের আনাগোনা ও অপেক্ষা। রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফরমের ২০ নম্বর পিলারের গোড়ায় কাপড়ে মোড়ানো একটি পোটলা পড়ে আছে। এক যাত্রী প্ল্যাটফরম থেকে নিচে নেমে পোটলা তল্লাশি করতেই এক শিশু মিলল। খবর পেয়ে রেলওয়ে পুলিশের টহল টিম ছুটে যায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা রেলপথ থানায় নিয়ে আসে।
ঢাকা রেলপথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শীতের মধ্যে একটি কাপড়ে মোড়ানো আট মাস বয়সি শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। শিশুটিকে দেখে মনে হয়েছে, শারীরিক প্রতিবন্ধী হবে। শিশুটিকে বর্তমানে ঢাকা রেলপথ থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের কনস্টেবল সুমাইয়া আক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার বাবা-মা রেল স্টেশনে ফেলে গেছেন। তবে শিশুটি বর্তমানে ভালো আছে বলে জানান ওসি রকিব উল হোসেন।