দক্ষিণ চীন সাগর এলাকায় নৌবাহিনী মোতায়েন করবে ইন্দোনেশিয়া

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার কাছে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল ইয়ুদো মারগোনো এ ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির

ইয়ুদো মারগোনো জানান, নৌবাহিনীর কমব্যাট স্কোয়াডের সদর দপ্তর জাকার্তা থেকে স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগরসংলগ্ন নাতুনা দ্বীপে স্থানান্তর করা হবে। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এ ঘোষণা এলো। বেইজিং নাতুনা দ্বীপের মালিকানা দাবি না করলেও অঞ্চলটির পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রয়েছে বলে দাবি করে। এই সার্বভৌমত্বের ফলে চীনা জেলেরা মাছ ধরার কার্যক্রম চালাতে পারেন বলেও দাবি বেইজিংয়ের। তবে ইন্দোনেশিয়া বলছে, চীনের এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই। আইন অনুযায়ী ঐ অঞ্চলের মালিকানা ইন্দোনেশিয়ার।

মৎস্য সম্পদসহ খনিজ আহরণের জন্য দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নৌপথে বছরে প্রায় ৫ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও কয়েকটি দেশ ঐ অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম।