মানিকগঞ্জ প্রতিনিধি
ভেঙে পড়ার তিন বছর পার হলেও মেরামত হয়নি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের বাবুপুর গ্রামের সেতুটি। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী নিজ উদ্যোগে সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ভ্যান পারাপার করা সম্ভব হচ্ছে না। এতে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনেও দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২-২০১৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট কর্মসূচির আওতায় ২৬ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি নির্মিত হয়। ২০১৭ সালের বন্যায় এটি ভেঙে পড়লেও এখনো মেরামত করা হয়নি। স্থানীয় বাসিন্দারা কয়েকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তাতে কোনো সুফল মেলেনি।
সরেজমিনে দেখা যায়, সেতুর পাশের বাঁশের সাঁকোটি সরু হওয়ায় একেক জন করে পার হতে হয়। এক পাশ থেকে কেউ সাঁকোতে উঠলে অন্যপাশে লোকদের অপেক্ষা করতে হয়। লোকজন কোনো রকমে পারাপার হলেও বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ভ্যান পরিবহনের উপায় নেই। স্থানীয় অধিবাসীরা বলেন, বাবুপুর গ্রামের কৃষক বাদশা বিশ্বাস জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে খোদানওদা, জামালপুর, বাবুপুর, কচুয়া ও ইজদিয়া গ্রামের প্রায় ৭০০-৮০০ মানুষ যাতায়াত করে। বাঁশের সাঁকো দিয়ে লোকজন কোনো রকমে পারাপার হলেও কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়। সেতুটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন তারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান বলেন, ঐ স্থানে ৫০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।