সাটুরিয়ায় নকল দুধ তৈরি ব্যবসায়ীকে কারাদণ্ড

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়ার ফুকুরহাটি গ্রামে নকল দুধ তৈরির সময় গতকাল আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড ও ভেজাল দুধ নষ্ট করা হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করেন। তিনি ফুকুরহাটি গ্রামের মৃত বিষু উদ্দিনের ছেলে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, রাজ্জাক দীর্ঘদিন ধরে বাড়িতে নকল দুধ তৈরি করে ঢাকায় সরবরাহ করেন। গতকাল তার বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি পানির সঙ্গে এরারুট পাউডার ও কাপড় রং করার কাজে ব্যবহূত ইকোজেড নামে রাসায়নিক দ্রব্য মিশিয়ে কথিত দুধ তৈরি করছেন। তখন ৯ গ্যালন নকল দুধ ও দুই কেজি এরারুট পাউডারসহ তাকে আটক করা হয়।