কালশীর বাউনিয়া বস্তিতে অগ্নিকাণ্ড

৪৩ ঘর, ১৩ দোকান ছাই

ইত্তেফাক রিপোর্ট

এক বছরের মাথায় একই বস্তিতে আবারও আগুনের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের পুকুরপাড়ের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ৪৩টি ঘর ও ১৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ২০১৯ সালের ২৬ ডিসেম্বর মধ্যরাতে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর, তেজগাঁও, কুর্মিটোলা ও টঙ্গী থেকে ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বস্তির ৪৩টি টিনশেড ঘর ও ১২টি দোকানের মালামাল পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি। এটি তদন্তসাপেক্ষ বলা যাবে।