আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে প্রস্তাবিত অর্থনৈতিক জোনের অদূরে নদী থেকে প্রতিদিন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফ সরকারের নেতৃত্বে এ কাজ চলছে । ফলে গত ৭ নভেম্বর এবং ২১ নভেম্বর হঠাত্ করেই চরলক্ষ্মীপুর গ্রামের পশ্চিম পাশে নদীতে ভাঙন শুরু হয়েছে। উক্ত গ্রামের ২০টি পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা ভাঙন অব্যাহত থাকলে অচিরেই মেঘনায় বিলীন হয়ে যাবে ১০০ ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ডেঙ্গুরকান্দি আশ্রয়ণ প্রকল্প, চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু প্রাইমারি স্কুল, তিনটি মসজিদ, প্রস্তাবিত অর্থনৈতিক জোন, ১০০০ মানুষের বাড়িঘর ও ঝাউকান্দী, হাটচকেরকান্দী এবং ডেঙ্গুরকান্দি মৌজার হাজার হাজার বিঘা ফসলি জমি। সরেজমিনে দেখা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের ১০ গ্রাম ভাঙনের মুখে।
এলাকাবাসী নদীভাঙন থেকে ফসলি জমি ও বাস্তুভিটে রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তারপরও অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।