কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলনকে কেন্দ্র করে গাজীপুর জেলা ও উপজেলা কৃষক লীগের দ্বন্দ্বের জেরে উপজেলা কৃষক লীগের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা কৃষক লীগ। গতকাল বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বর থেকে মিছিল শুরু হয়ে স্থানীয় ধান বাজারে এসে প্রতিবাদ সভা করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক মো. আইন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি মো. মজিবুর রহমান আঙ্গুর, মো. মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুব, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান রতন প্রমুখ। বক্তাগণ গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি কর্তৃক কাপাসিয়া উপজেলা কমিটি বিলুপ্ত করাকে অগণতান্ত্রিক ও অসাংগঠনিক বলে দাবি করা হয়েছে। তারা এ বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন।