স্কুল-কলেজে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল অফিস

করোনাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে বেতনসহ নানা অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখা। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের অযৌক্তিক ফি আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার, জেলা শাখার সংগঠক লামিয়া সায়মন ঝুমা, সোহান আহমেদ, সাইদুল ইসলাম, সুমাইয়া আক্তার ও সাজ্জাদ হোসেন। এ সময় তারা করোনাকালে বরিশালসহ সারা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ‘অ্যাসাইনমেন্ট ফি’, স্কুল-কলেজের টিউশন ফি, পরীক্ষার ফিসহ সব ফি আদায় বন্ধের দাবি জানায়।

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব হোসাইন, জেলা ক্যাবের সভাপতি রনজিত্ দত্ত, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ স্থানীয় পর্যায়ের অংশীদাররা অংশগ্রহণ করেন।