সংবাদ সংক্ষেপ

মাগুরার ২৭ মুক্তিযোদ্ধার শহিদ দিবস আজ

মাগুরা প্রতিনিধি আজ ২৬ নভেম্বর, মাগুরার ২৭ জন বীর মুক্তিযোদ্ধার শহিদ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে তারা পাকবাহিনীর গুলিতে শহিদ হয়েছিলেন। আজকের এই দিনটি মাগুরাবাসীর কাছে একাধারে গর্বের অন্যদিকে বেদনার। এদিকে এবার করোনার কারণে তেমন কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে মাগুরার হাজীপুর গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ঝিকরগাছা উপজেলার রাজস্ব সভা

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ঝিকরগাছা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, সাব রেজিস্ট্রার মশিউর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা কবির উদ্দিন আহমেদ প্রমুখ।

সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি

গাইবান্ধা প্রতিনিধি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি মো. মাহফুজুর রহমান, টিআই নুর আলম প্রমুখ।

জাতীয় ভোক্তা অধিকার সেমিনার

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের উদ্যোগে বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ের ওপর সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি ‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ’ এ শ্লোগান নিয়ে আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এ বিষয়ে ময়মনসিংহ মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহিলা পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি মনিরা বেগম অনু ও সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমীন রুনা।

বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনাসভা

পাবনা প্রতিনিধি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে পাবনায় মানববন্ধন এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাবনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কামরুন নাহার জলি, শাহিনা পারভীন, হাসিনা আকতার রোজি প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ায় দুই দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ভার্চুয়ালি বুধবার বিকালে সম্পন্ন হয়েছে। শেষ দিন মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। উপস্থিত ছিলেন উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ আচার্য।

জেলা প্রশাসনের গণশুনানি

নাটোর প্রতিনিধি নাটোর জেলা প্রশাসনের সেবা প্রত্যাশী জনগণের সমস্যা সমাধানের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গণশুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা বেগম।

তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষক-কৃষানি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং-এর পরিচালক, ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ।