স্পোর্টস রিপোর্টার
করোনা কাটিয়ে দেশের খেলাধুলা মাঠের দিকে গড়াচ্ছে। সাঁতার ফেডারেশনও তাদের কার্যক্রম শুরু করছে। আগেই নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দূরপাল্লা সাঁতার আয়োজন করবে। গতকাল সংবাদ সম্মেলন করে সাঁতার ফেডারেশন জানাল বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী শনিবার গোপালগঞ্জের মধুমতি নদীতে জাতীয় দূরপাল্লা সাঁতার অনুষ্ঠিত হবে। এটি ১৭তম আসর। গতকাল দুপুরে বিওএ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজনে সুইমিং ফেডারেশন জানিয়ে গেল দূরপাল্লা সাঁতার নিয়ে নানা কথা। যেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম আলমগীর এবং সাধারণ সম্পাদক এমবি সাইফসহ অন্যান্য কর্মকর্তা।
তারা জানিয়েছেন শনিবার সকাল ৯টায় পুরুষদের প্রায় ১০ কিলোমিটার প্রতিযোগিতা কংশুর থেকে শুরু হয়ে হরিদাসপুর ব্রিজ পর্যন্ত এবং মহিলাদের প্রায় ৮ কিলোমিটার প্রতিযোগিতা উলপুর ব্রিজ থেকে হরিদাসপুর ব্রিজ গিয়ে শেষ হবে। এর জন্য সাত জন পুরুষ এবং সাত জন নারী সাঁতারুকে ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে উন্মুক্ত বাছাই করে নেওয়া হয়েছে। সাঁতারুরা হলেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, জুয়েল আহম্মেদ, নৌবাহিনীর কাজল মিয়া, পলাশ চৌধুরী, ইছামতি সুইমিং ক্লাব পাবনার শিপন, আনসারের আশিক শেখ ও গোপালগঞ্জ সুইমিং ক্লাবের দীন ইসলাম। নারী সাঁতরুরা হলেন সেনাবাহিনীর নাঈমা আক্তার, সবুরা খাতুন, নৌবাহিনীর জুলি আক্তার, আনসারের মুক্তি খাতুন, আমলা সুইমিং ক্লাব কুষ্টিয়ার মুক্তা খাতুন, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার বৈশাখী খাতুন ও গোপালগঞ্জ সুইমিং ক্লাবের সুমাইয়া আক্তার।