ত্রিশালে মাছ চাষে বিপ্লব

মাছ চাষে বিপ্লব ঘটিয়েছে ময়মনসিংহের ত্রিশালের মত্স্যচাষিরা। দেশের শতকরা ২২ ভাগ মাছ উত্পাদিত হয় ময়মনসিংহে। আর এর সিংহভাগই উত্পাদন হয় ত্রিশালে। উপজেলায় মাছের মোট উত্পাদন ৮৫ হাজার ১২২ টন। আর এ উপজেলায় মাছের চাহিদা ৮ হাজার ২২০ টন। মাছ উদ্বৃত্ত থাকে ৭৬ হাজার ৯০২ টন।

উপজেলায় সরকারি পুকুরের সংখ্যা পাঁচটি, যার আয়তন ১৩৪ হেক্টর। বেসরকারি পুকুরের সংখ্যা ২৪ হাজার ৪৯৮টি, যার আয়তন ৩ হাজার ১২৫ হেক্টর।

উপজেলায় ধান ও সবজি চাষের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে মাছ চাষ। মাছচাষিদের অভিযোগ মধ্যস্বত্বভোগীদের কারণে তারা মাছের দাম কিছুটা কম পাচ্ছেন। বিদেশে সরাসরি মাছ রপ্তানি প্রক্রিয়া না থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দেশীয় প্রজাতির মাছ ও পাঙ্গাস মাছের জন্য দুটি পৃথক মত্স্য আড়তে প্রতিদিন টনকে টন মাছ বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ৭টা থেকে চলে বেলা ১১টা পর্যন্ত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে চলে যাচ্ছে এই মাছ। দেশীয় প্রজাতির মাছের দয়াল নবি মত্স্য আড়তের মালিক আবুল মুনসুর জানান, এ মত্স্য আড়ত থেকে প্রতিদিন ১৫-২০ টন মাছ বিক্রি হচ্ছে। যার আনুমানিক মূল্য ১৫-২০ লাখ টাকা। অপরদিকে পাঙ্গাস মত্স্য আড়তের প্রগতি ফিস কমিশন এজেন্টের মালিক তাজুল ইসলাম জানান, এ আড়ত থেকে ৮০ থেকে ৯০ টন মাছ বিক্রি হচ্ছে প্রতিদিন। যার আনুমানিক মূল্য ৬৫-৭৩ লক্ষ টাকা।

উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের মাহাবুব মত্স্য হ্যাচারি অ্যান্ড ফিসারিজের মালিক খাইরুল বাসার মাহাবুব জানান, ‘আমার হ্যাচারিতে শিং, পাবদা, গুলশা, টেংরা, মাগুর ও দেশীয় প্রজাতির সব ধরনে রেণু ও পোনা বিক্রি করা       হয়। রেণু ও পোনার গুণমান ভালো হওয়ায় ত্রিশালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা আমার হ্যাচারি থেকে রেণু ও পোনা ক্রয় করে নিয়ে চাষ করে লাভবান হচ্ছেন।’

উপজেলার হরিরামপুর ইউনিয়নের মত্স্যচাষি আশিক আহমেদ জানান, মত্স্য খাদ্যের দাম দিন দিন বাড়ছে। এর ফলে মাছ চাষে কৃষকের লাভ কম হচ্ছে। সরকার যদি মত্স্য খাদ্যের দাম নির্ধারণ করে দেয়, তাহলে চাষিরা লাভবান হবেন। সরকার মত্স্য ঋণের পরিমাণ বাড়ালে প্রান্তিক চাষিরা মাছ চাষে আরো উত্সাহী হবেন।

উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, এনএটিপি প্রজেক্টের আওতায় ত্রিশালে একটি মত্স্য অবতরণ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। যার নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এটির নির্মাণকাজ শেষ হলে মত্স্যচাষিরা অনলাইনে সরাসরি তাদের উত্পাদিত মাছ বিক্রি করতে পারবেন। তিনি আরো বলেন, মাছ চাষে ত্রিশাল একটি মডেল উপজেলা। উপজেলা মত্স্য অফিসের সঠিক তদারকির কারণে ত্রিশালে মাছ চাষ দিন দিন বাড়ছে।