নরসিংদীতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

নরসিংদীতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এছাড়া আহত অবস্থায় মানিক মিয়া (২৫) নামে আরো এক ডাকাতকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় মিলেছে; কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কামালপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়া (৩০)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহত মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল                ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার ভাইদের বাড়িতে ডাকাতি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতি শেষে পার্শ্ববর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হলে তারা চিত্কার শুরু কর। পরে মসজিদ থেকে মাইকযোগে গ্রামের ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে গ্রামবাসী জড়ো হয়। এসময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করলে তারা পালটা গ্রামবাসীর ওপর হামলার চেষ্টা করে।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোহেলের বিরুদ্ধে দুইটি হত্যাসহ একটি চুরি, একটি অস্ত্র ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। আটককৃত মানিকের বিরুদ্ধেও রয়েছে একটি চুরির মামলা। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, শিবপুরে ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশিটহল জোরদার করা হয়েছে।