ফরিদপুর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত নির্বাচনের তপশিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানা গেছে।
গত ৩ নভেম্বর ফরিদপুর পৌরসভাসহ পাঁচটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঐ তপশিল অনুযায়ী ১০ ডিসেম্বর নির্বাচনে ভোটগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এমতাবস্থায় তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমান।
ঐ রিটে বলা হয়, ২০১৫ সালে স্থানীয় সরকার বিভাগ ইসিতে একটি চিঠি দেয়। ঐ চিঠিতে বলা হয়, ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের বিষয়টি বর্তমানে স্থানীয় সরকার বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যায়ে এখানে নির্বাচন অনুষ্ঠিত হলে সিটি করপোরেশনে উন্নীতকরণের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে।
এই চিঠির পাঁচ বছর পর গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনে আরেকটি চিঠি দিয়ে বলা হয়, ২০১১ সালের ১৭ জানুয়ারি ফরিদপুর পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলার নয়টি ইউনিয়নের ৩৮টি মৌজাকে ফরিদপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করে ২০১৬ সালের ১০ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়। ২০১৭ সালের ৫ ডিসেম্বর নিকার সভায় ঐ পৌরসভার সীমানা সম্প্রসারণের বিষয়টি অনুমোদিত হয়। ২০১৮ সালের ৭ জানুয়ারি শহর এলাকাকে চূড়ান্তভাবে পৌর এলাকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশিত হয়। ফলে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এরপরই গত ৩ নভেম্বর ফরিদপুর পৌরসভাসহ পাঁচটি পৌরসভার নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে গত বছরের ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৬ তম সভায় বিদ্যমান পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন প্রদান করা হয়। ফলে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলে ফরিদপুর সিটি করপোরেশনে উন্নীতকরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে উল্লেখ করে রিট করা হয়। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে। রুলে ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নির্বাচন কমিশনের তপশিল ঘোষণা কেন বেআইনি নয়, তা জানতে চাওয়া হয়।