করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষ্যে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার পরীক্ষা করা হলে করোনা সংক্রমণ ধরা পরে। মঙ্গলবার রাতে এ ফলাফল জানা যায়।

পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তার নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিত্সকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। ওআইসির এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া নাইজার সফর উপলক্ষ্যে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিত্সকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।