রংপুরের জুয়েলকে বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় ২ জন রিমান্ডে

রংপুর মহানগরীর শালবন এলাকার বাসিন্দা জুয়েলকে লালমনিরহাটের বুড়িমারীতে পিটিয়ে-পুড়িয়ে হত্যা মামলায় আরো দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে জিএম মানিক (৪৫) ও বামনদল গ্রামের পরমদ্দিনের ছেলে আবু কালাম ওরফে গামছা কামাল (২৯)।

আরো পড়ুনঃ ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা আর নেই

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী বলেন, বহুল আলোচিত জুয়েল হত্যা, পুলিশের ওপর হামলা ও ইউপি ভবনে হামলার মামলায় অজ্ঞাত নামীয় আসামি জিএম মানিক ও আবুল কালামকে আটক করা হয়। 

তদন্তে উক্ত ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়ায় তিন মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে হত্যা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন করে রিমান্ড আবেদন করা হয়।  বুধবার বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের দুইজনকে তিনদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে বিভিন্ন মেয়াদে আদালত ১৫ জনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। 

ইত্তেফাক/এমএএম