ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে জানিয়ে বাংলাদেশে ভাস্কর্যের বিরোধিতাকারীদের মতলববাজ বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
গতকাল বুধবার উপজেলার কেন্দুয়াপাড়া মাদরাসা মাঠে শিশুশিক্ষার্থী ও বিশেষ শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌরবাতি বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘ইরানের শিয়া শহরে গালিবের ভাস্কর্য দেখে এসেছি। ইন্দোনেশিয়ায় আছে মালয়েশিয়ায় আছে তুরস্কে আছে। বাংলাদেশে এতদিন পরে নুক্তা বের করে। পায়ে চুমা খাওয়া নিষেধ তাহলে এটিও না করেন।’
তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, তেহরানে যান ইরানে যান সেখানে ভাস্কর্য আছে কিনা সেটা দেখেন। মিথ্যা বললে রাজনীতিই ছেড়ে দেব। আমরা কি খোমেনির চেয়েও বড় হয়ে গেছি? কাজেই তর্ক করে বেশি গোমরা পথে যাব না। এই সমস্ত গোমরা পথে যারা নিতে চায় তারা মতলববাজ।
তিনি টিআর ও কাবিখা প্রকল্পের অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দ্বিতীয় শ্রেণির সেরা ২০ শিক্ষার্থীর মধ্যে একটি করে মোট ২ হাজার ৯৬০টি এবং পল্লিচিকিত্সক নরসুন্দর জেলে ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মোট ২ হাজার ৫৮১ জনের মধ্যে সৌরবাতি বিতরণ করেন। এছাড়াও জিআর প্রকল্প থেকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ২৭৫ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করেন।
দিনব্যাপী তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, ফারুক আহমেদ বকুল, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলুসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।