বিদ্যুত্ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাত্

বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গতকাল বুধবার সচিবালয়ে তার অফিসে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, এ অঞ্চলে জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ডেল্টা প্ল্যানিংয়ে সমন্বিতভাবে উন্নয়নের পরিকল্পনা দেওয়া হয়েছে। ক্লিন ও গ্রিন এনার্জি প্রসারকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। নেপালে জলবিদ্যুত্ প্রকল্পে ত্রিপাক্ষিক বিনিয়োগ করার বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে। ইলেকট্রিক ভেহাইকেল নিয়েও এ সময় আলোচনা করা হয়।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার দেশ সম্মানের সঙ্গে দেখে। বাংলাদেশ এ অঞ্চলের জন্য জ্বালানি হাব হিসেবে কাজ করতে পারে। বিদ্যুত্ বিনিময়, প্রযুক্তি বিনিময়, বিদ্যুত্ ও জ্বালানির সাশ্রয়, যৌথভাবে যন্ত্রাদি উত্পাদন করে জ্বালানি হাবকে সুসংহত করা যেতে পারে।