ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা আর নেই। মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল মহল। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের গোল করেছিলেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী। এর আগে পিটার শিলটনকে বোকা বানিয়ে হাত দিয়ে গোল করেছিলেন। পরে নিজেই বলেছিলেন, ওটা ছিল ঈশ্বরের হাত। সেই ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন গ্যারি লিনেকার। ম্যারাডোনার মৃত্যুর খবরে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার টুইট করে জানান, ‘আর্জেন্টিনা থেকে খবর এলো যে ম্যারাডোনা আর নেই। আমার প্রজন্মের সেরা ফুটবলার। তর্কহীনভাবে সর্বকালের সেরা। অবশেষে ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দিয়ে শান্তি হয়তো পাবেন।’ ১৯৯৪ বিশ্বকাপের মহানায়ক ব্রাজিলের রোমারিও শোক জ্ঞাপন করে টুইট করেন, ‘আমার বন্ধু আর নেই। ম্যারাডোনা, তুমি কিংবদন্তি। ফুটবল দিয়ে বিশ্ব জিতে নিয়েছিলে তুমি।’