ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের কথা রয়েছে। তবে তার আগেই তেহরানের বিরুদ্ধে নতুন করে আরো কঠোর ব্যবস্থা নিতে মরিয়া ট্রাম্প প্রশাসন। বুধবার এক অনলাইন সামিটে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক দূত ইলিয়ট আব্রামস এমন ইঙ্গিত দিয়েছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্টকে তেহরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা ব্যবহারের আহ্বান জানিয়েছে আব্রামস বলেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব হ্রাস এবং দেশটির পারমাণবিক হুমকি মোকাবিলায় নতুন করে এ নিষেধাজ্ঞার পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক দিন আগেই সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিল ওয়াশিংটন।
চলতি সপ্তাহের শুরুর দিকে এক অনলাইন ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছিলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের জন্য কঠিন জবাব অপেক্ষা করছে। এর মধ্যেই বুধবার ইরানের হুমকি মোকাবিলায় নতুন করে নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানান ইলিয়ট আব্রামস।