মিউচ্যুয়াল ফান্ডের দাপটে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। মিউচ্যুয়াল ফান্ডের ওপর ভর করে ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

প্রায় সবকটি মিউচ্যুয়াল ফান্ডের মূল্য বৃদ্ধির মাধ্যমে বৃহস্পতিবারের লেনদেন শুরু হয়। দিনের লেনদেনের শেষ পর্যন্ত মিউচ্যুয়াল ফান্ডগুলোর দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে একটির।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর ডিএসই লেনদেনে অংশ নেওয়া ১২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট মূল্য বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির এবং ৯৬টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৪০ পয়েন্ট।