ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনাকে হারানোর কষ্ট বুকে নিয়েও নিয়ম মেনে গতকাল মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়নস লিগের সবগুলো ম্যাচ। যেখানে চ্যাম্পিয়নস লিগে নিজের নামের সঙ্গে আরেকটি স্বর্ণালি পালক যোগ করেছেন বায়ার্নের রবার্ট লেভান্ডভস্কি। অন্যদিকে বাঁচা-মরার ম্যাচে জয় ছিনিয়ে এনেছে জিনেদিন জিদানের রিয়াল। বুধবার নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সালজবুর্গকে ৩-১ গোলে হারিয়ে লিগের পরের রাউন্ড নিশ্চিত করেছে ব্যাভারিয়ানরা। ম্যাচের প্রথম গোলটি আসে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা লেভান্ডভস্কির পা থেকে। আর এই গোলেই তিনি স্পর্শ করেছেন চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কিংবদন্তী রাউলের করা ৭১ গোলের মাইলফলক, উঠে এসেছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে।