বরিশালের বাকেরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা।
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা জানান, পৌর নির্বাচন ঘিরে ইতিমধ্যে সরগরম তৃণমূলের রাজনীতি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠে বেশি সক্রিয় হলেও এখনো চোখে পড়ছে না অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের গণসংযোগ। তবে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান জানিয়েছেন, তপশিল ঘোষণার পর দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে দলীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা হবে। এদিকে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাশ শিবু বলেন, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সমন্বয় মতবিমিময় সভা করে সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে মনোনয়ন দেওয়ার জন্য জেলা কার্যালয় প্রেরণ করা হয়েছে।
এছাড়াও মেয়র পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে উপজেলা কার্যালয় ও জেলা কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ ও আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দীন মাঝি। অন্যদিকে, বিএনপির বিভিন্ন সূত্র থেকে মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহীন তালুকদার, সাবেক পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা, কামরুল হাসান রাজিব।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, সম্ভাব্য প্রার্থীরা ভোট ও দোয়া নিতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের সম্ভাব্য প্রার্থীদের স্থানীয়ভাবে তালিকা চূড়ান্ত করে প্রার্থী মনোনয়নের জন্য প্রস্তাব জেলায় প্রেরণ করেছে বলে সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সেতারা হক, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেকের নাম সুপারিশ করেছে পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক তার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাওনুল হক বিপ্লব উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম মঈনুল হোসেন সোহাগ, সহসভাপতি জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু ও পৌর যুবদল সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক প্রচার প্রচারণা চালালেও ঠাকুরগাঁও জেলা বিএনপি সোমবার রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার পক্ষে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে বলে দাবি করেন রেজাউল করিম রাজা। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী পৌর জাতীয় পার্টির আহ্বায়ক তৈয়ব আলীর মনোনয়ন স্থানীয়ভাবে চূড়ান্ত করেছে বলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম নিশ্চিত করেছেন।