কলারোয়ায় কৃষককে গলা কেটে হত্যা

কলারোয়ায় মোসলেম উদ্দীন বিশ্বাস (৬৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে দেয়াড়া গ্রামের মৃত নইম উদ্দীন বিশ্বাসের ছেলে। পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। ঘটনার পর বুধবার রাতেই সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সার্কেল এএসপি, সিআইডি, ডিবি এবং পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারাণ চন্দ্র পাল জানান, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছেন।