মিঠাপুকুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তিন ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় মাইক্রোবাস চাপা দিয়ে সাদেক বাদশা নামের এক ব্যবসায়ীকে হত্যা করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। বুধবার রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুর-বৈরাগীগঞ্জের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাদেক বাদশা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। দুষ্কৃতকারীদের ধরতে জোরালো অভিযান চলছে। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি তত্পরতা শুরু হয়েছে।