ডা. মিলন দিবস আজ

আজ ২৭ নভেম্বর শহিদ ডা. মিলন দিবস। এরশাদবিরোধী গণ-আন্দোলনের উত্তাল পর্বে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি-সংলগ্ন সড়কে ছাত্র গণ-আন্দোলনে গুলিতে নিহত হন জাসদ নেতা ও তত্কালীন বিএমএর যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন।

ডা. মিলনের শহিদ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্র গণ-আন্দোলন উত্তাল রূপ ধারণ করে গণ-অভ্যুত্থানে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৮ নভেম্বর কারফিউ ও সেনাবহিনী-বিডিআর-আর্মড পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নগরীর রাজপথে মিছিল করে। গণ-অভ্যুত্থানের কারণে ৩ ডিসেম্বর সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দেন এরশাদ। দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতি দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। দিবস উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় যুব জোট, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনসমূহ আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজে শহিদ ডা. মিলনের সমাধিতে, সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় ডা. মিলনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে। সকাল ৯টায় কর্নেল তাহের মিলনায়তনে ডা. মিলনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে জাসদ। এছাড়া ভোর ৬টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হবে।