বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নরওয়ে

বাংলাদেশে সম্ভাবনাময় খাতগুলোতে নরওয়ের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইসপেন রিকটার এসভেনডসেন। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীরা বসে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে। উভয় দেশের সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তার সরকারি বাসভবনের অফিস থেকে এ বৈঠকে অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। ইতিমধ্যে অনেক দেশ বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। নরওয়ে বিনিয়োগ করলে বেশি লাভবান হবে। তিনি বলেন, নরওয়েতে এখন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। এছাড়াও ওষুধ, সিরামিক পণ্য, ফার্নিচার, হিমায়িত মত্স্য, চামড়াজাত পণ্য এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি করার সুযোগ রয়েছে। উল্লেখ্য, গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ নরওয়েতে ৬৮.১৯ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৫১.৯০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।