জন্মদিন পালন করতে ডেকে নিয়ে নদীতে ফেলে দেওয়া হয় দীপকে

জন্মদিন পালন করতে ডেকে নিয়ে নদীতে ফেলে দীপ ঘোষ নামে এক কিশোরকে হত্যার অভিযোগে করা মামলায় নিহতের বন্ধু রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডের নিজ বাসা থেকে রিয়াদকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, হত্যা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতারের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-২) আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আনন্দ করার এক পর্যায়ে বন্ধু দীপকে কোলে তুলে নদীতে ফেলে দেয় মর্মে সে জবানবন্দি দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুমান জানান, গ্রেফতারকৃত রিয়াদ অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। তারপর সংসারের প্রয়োজনে হাসপাতাল রোডে একটি জুতার দোকানে চাকরি করত। ২ নভেম্বর জন্মদিন পালনের ভিডিওতে দেখা গেছে রিয়াদ তার বন্ধু দীপকে কোলে তুলে নিয়ে নদীতে ফেলে দিচ্ছে। যেহেতু দীপ সাঁতার জানে না তাই সে আর বেঁচে ফিরতে পারেনি। যদিও রিয়াদ ও তার বন্ধুরা পরবর্তী সময়ে বুঝতে পারে নদীতে ফেলে দেওয়া দীপ সাঁতার জানে না, তারা চেষ্টা করলেও আর দীপকে তুলতে পারেনি। ততক্ষণে দীপ তলিয়ে গেছে।

এসআই রুমান বলেন, ৩ নভেম্বর অপমৃত্যু মামলা হলেও ২৪ নভেম্বর জন্মদিনের ভিডিও ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়। ভিডিও দেখে অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। তারপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করা হয়েছে।