নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকা থেকে বৈদেশিক মুদ্রা জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন—মো. জয়নাল আবেদীন ও মো. জাহান হোসেন সুমন। গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেফতারের বিষয়টি জানায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, গত বুধবার মোহাম্মদ হোসেইন নামে এক ব্যক্তি এবি ব্যাংকের এনায়েত বাজার শাখা থেকে ৭০ হাজার টাকা নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন। এসময় মোহাম্মদ জাহান হোসেন নামে এক অটোরিকশাচালক তার কাছে কিছু বিদেশি মুদ্রা রয়েছে বলে জানান। তাকে তিনি মুদ্রাগুলো দেখতে দিয়ে আবার ফেরত নেন। এসময় আশপাশ থেকে আরো কয়েক জন এসে নোটগুলোর দাম জানতে চায়। এক ব্যক্তি একটি নোটের জন্য ১৫ হাজার টাকা দিতে চায়। সে দুইটি নোট ৩০ হাজার টাকায় কেনে। পরে ঐ ব্যক্তির দেখাদেখি চারটি নোট ৬০ হাজার টাকায় কিনে নেন মোহাম্মদ হোসেইন। পরে বাসায় গিয়ে তিনি বুঝতে পারেন নোটগুলো ওমানের যার প্রতিটির দাম বাংলাদেশি টাকায় ২২ টাকা করে।
এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ জানালে তাত্ক্ষণিক অভিযান চালিয়ে স্টেশন রোড থেকে মো. জাহান হোসেন প্রকাশ সুমনকে আটক ও পরে তার দেওয়া তথ্যে হালিশহর এলাকা থেকে জয়নাল আবেদীনকে আটক করা হয়। ওসি মহসীন বলেন, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা একত্রিত হয়ে নগরের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় পথচারীকে বিভিন্ন বিদেশি নোট দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।