নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাঁচুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লুত্ফার রহমান মোল্যাকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কালিয়া-নড়াইল সড়কের কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কালিয়া উপজেলার বনগ্রামের বাসিন্দা লুত্ফার রহমান ও একই গ্রামের মুকুল মোল্যা ও টুটুল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এ গ্রামটিতে হামলা সংঘর্ষের ঘটনা লেগেই থাকে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লুত্ফার রহমান কালিয়ার বনগ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় অংশ নেওয়ার জন্য নড়াইল যাওয়ার পথে নড়াইল-কালিয়া সড়কের কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা একই গ্রামের মুকুল মোল্যা ও টুটুল মোল্যার নেতৃত্বে ২৫-৩০ জনের একদল লোক মোটরসাইকেল থামিয়ে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।