কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার বরুড়ায় জহির উদ্দিন (৩৪) নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে বরুড়ার শিলমুড়ী (উত্তর) ইউনিয়নের জীবনপুর ঈদগাহসংলগ্ন একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন বরুড়া পৌর এলাকার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে এবং তিনি বরুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জহির উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জীবনপুর এলাকার হাসেম মার্কেটের সামনে যাওয়ার পর একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গ্রামের রানা (৩৩) ও সাদ্দাম (২৮) নামের আরো দুই জন গুরুতর আহত হন। স্থানীয় একাধিক সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বরুড়া থানার ওসি ইকবাল বাহার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের কিংবা কেউ গ্রেফতার হয়নি।