লোহাগাড়ায় শিকারির গুলিতে স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে বন্যশূকর শিকারির গুলিতে মো. মারুফুল ইসলাম (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম নারিশ্চার জাদি মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ সিকদার সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মারুফুল ইসলাম উক্ত এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে এবং পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

নিহতের বড় ভাই  মো. মামুন জানিয়েছেন, বাড়ির উঠানে বৈদ্যুতিক লাইটের নিচে বসে পড়ালেখা করছিল তার ভাই মারুফুল ইসলাম। স্থানীয় এক শিকারি প্রতি রাতে দেশীয় বন্দুক নিয়ে বন্যশূকর শিকার শেষে বাড়ির ভেতর বন্দুকটি লুকিয়ে রাখে। ঘটনার দিন উক্ত শিকারি এলাকায় বন্যশূকর শিকার করতে যাওয়ার পূর্বে বন্দুক বের করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে মারুফুল ইসলামের বুকে লাগে। প্রথমে তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।