জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক এবং পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের রাজনীতি করতে হবে। স্বাধীনতা-পরবর্তী বঙ্গবন্ধুর সময়ের রাজনীতি ছিল স্বচ্ছ আর বর্তমান সময়ের রাজনীতিতে লুটপাটের রাজনীতি প্রভাব লক্ষণীয়। যারা দেশপ্রেমিক তারা স্বাধীনতা ও বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বাস করে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টি-জেপি’র ভাণ্ডারিয়া উপজেলা কার্যালয়ে উপজেলা এবং পৌর জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাসমিমা হোসেন আরো বলেন, দেশে এখন অনেক দল হয়েছে। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে এত দল ছিল না। এখন ছাত্র নেতৃত্বে যুবক, যুব নেতৃত্বে বেশি বয়সিরা ঢুকে পড়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি আরো বলেন, জেপি উন্নয়নের রাজনীতি করে, লুটপাটের নয়। যারা লুটপাটের চিন্তা করে তাদের দলে স্থান দেওয়া ঠিক নয়। জাতীয় পার্টি-জেপি নিজের নীতিতে চলবে। এখানে দলের নেতা-কর্মীদের অবশ্যই বঙ্গবন্ধু, মানিক মিয়া, স্বাধীনতা এবং গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী হতে হবে। তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভিত শক্ত হলে কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিকদের ভিত শক্ত থাকে। সভায় বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের প্রাতিষ্ঠানিক আইনজীবী মানিজা হোসেনকে উপজেলা এবং পৌর ছাত্রসমাজের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, জেপির উপজেলা সদস্যসচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় পার্টি-জেপি মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক মো. হায়দার আলী হাওলাদার, মাহাবুবুল আলম খোকন মৃধা, মো. নুরুল হক , জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুব সংহতির আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, পৌর যুব সংহতির আহ্বায়ক মো. নাসির উদ্দিন দুলাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মনির সরদার, মো. মানিক হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্যসচিব জহির উদ্দিন অন্তুু সরদার, পৌর ছাত্র সমাজের সভাপতি মেহেদী হাসান রাজু, সাধারণ সম্পাদক মাহাবুব শরিফ শুভ, ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার সভাপতি তরিকুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক এইচ এম সজল, পৌর কাউন্সিলর বেবি আখতার, মঞ্জু রানী সিংহ, ইউনিয়ন নেতাদের মধ্যে রেজা আহম্মেদ দুলাল, গোলাম কিবরিয়া রিপন মির্জা, সলিল কুমার বল, মো. হাসান জোমাদ্দার, সুজন তালুদার, বুলবুল আহম্মেদ প্রমুখ।