মুম্বাই হামলার ক্ষত কোনো দিন ভুলবে না ভারত

২৬ নভেম্বর। ঠিক ১২ বছর আগে এই দিনে আতঙ্কে কেঁপে উঠেছিল পুরো ভারত। এক যুগ কেটে গেলেও সেই ক্ষত যেন এখনো টাটকা ভারতবাসীর কাছে। গতকাল বৃহস্পতিবার সংবিধান দিবসের ভাষণে সে কথা স্মরণ করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬/১১ মুম্বাই হামলার পেছনে প্রধানমন্ত্রী মোদি সরাসরি পাকিস্তানকে দায়ী করে বলেন, ২০০৮ সালের এই দিনটিতে পাকিস্তানের জঙ্গিরা মুম্বাইয়ে হামলা চালায়। সেদিন যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা। ভারত সেই ক্ষত কোনো দিন ভুলতে পারবে না।           প্রধানমন্ত্রী মোদি বলেন, বর্তমানে ভারত নতুন নীতি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ভারতের সেসব নিরাপত্তা কর্মীকে শ্রদ্ধা জানাই, যারা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন, ২৬/১১ জঙ্গি হামলায় যাদের মৃত্যু হয়েছিল তাদের পরিবার, আত্মীয় ও বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাই। যারা রুখে দিয়েছিলেন হামলা, সেসব সাহসী নিরাপত্তা কর্মীকে স্যালুট। সেদিন অন্য অনেক জায়গার মতো টাটা গোষ্ঠীর তাজ হোটেলেও ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। রতন টাটা লিখেছেন, আমরা ভুলতে পারিনি। আতঙ্কের কথা মনে আছে। মনে আছে, সেদিন মুম্বাইবাসীর একসঙ্গে লড়াইয়ের কথাও। সেই টুইট শেয়ার করেই শোক জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাজীব শুক্ল। সত্যি! সবার এই দিনটির কথা মনে পড়ে। কেবল রাজনীতিকরাই নন, বিভিন্ন মহল থেকেই এই দিনটিকে স্মরণ করা হয়েছে। এদিকে মুম্বাই হামলার বার্ষিকীর দিনেই কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।