৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার আটক ২

পাচারের জন্য রাখা কোবরা সাপের বিষ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই বিষের মূল?্য প্রায় ৯ কোটি টাকা। এ সময় পাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিআইডির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন—মো. মামুন তালুকদার (৫১) ও মো. মামুন (৩৩)। সিআইডি বলছে, বাংলাদেশে সাপের বিষ ক্রয়-বিক্রয়ের কোনো বৈধতা নেই। মূলত সাপের বিষ পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে আসছিল পাচারকারীরা। মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, বুধবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষ ক্রয়-বিক্রয় ও পাচারকারী চক্রের প্রধান মামুন তালুকদার ও মো. মামুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বড় লকার, ছয়টি কাচের কৌটায় সংরক্ষিত সাপের বিষ উদ্ধার করা হয়।  বোতলের গায়ে কোবরা স্নেক পয়জন অব ফ্রান্স, রেড  কোম্পানি, কোবরা কোড মেড ইন ফ্রান্স লেখা রয়েছে। এ সময় একটি ক্যাটালগও উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এর আগে গত ১৭ সেপ্টেম্বর গাজীপুর জেলার বাসনা থানা এলাকা থেকে সাপের বিষ ক্রয়-বিক্রয় ও পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। ঐ মামলার তদন্তে নেমে মূলত মামুন তালুকদারের সন্ধান পাওয়া যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ আরো কয়েকটি দেশ থেকে গোপনে কনটেইনার কিংবা অন্য কোনো বাহনে অতি মূল্যবান সাপের বিষ দেশে আনা হয়। এর পর বাংলাদেশ থেকে পাচারকারী চক্র বিশ্বের অন্য দেশে বিষ পাচার করে। তারা মূলত এ দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। আরেক প্রশ্নের জবাবে সিআইডি কর্মকর্তা বলেন, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সাপের বিষ ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশে এখনো এগুলো ব্যবহারের তথ্য নেই।