মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একজনের নামে সিঙ্গাপুরে শতকোটি টাকা!

বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একজনের নামে সিঙ্গাপুরে শত কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। এই অর্থ ফেরত আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এ টাকা আনার জন্য মিউচ্যুয়াল লিগ্যাল এসিসটেন্সের আওতায় দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, ফিনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে। এই টাকা আনা সময়ের ব্যাপার, আইনী প্রক্রিয়ার ব্যাপার। জাতির স্বার্থে এই টাকা ফেরত আনা হবে।

একটি জাতীয় ইংরেজি দৈনিকের অনলাইন আলোচনায় বিষয়টি তুলে ধরেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আলোচনাটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জ ই মামুন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অর্থপাচার আইন, ২০১২-তে বলা আছে—আমার দেশের টাকা যদি অন্য কোনো দেশে থাকে, তাহলে আমরা কোর্টে নিষেধাজ্ঞা চাইতে পারি। আদালত সন্তষ্ট হলে নিষেধাজ্ঞা দিতে পারে। টাকার পরিমাণ বলা যাবে না। এই অ্যাকাউন্টের যিনি মালিক বাংলাদেশের ‘কোনো একটি মামলায়’ তার মৃত্যুদণ্ড হয়েছে। তবে আনুমানিক শত কোটি টাকার বেশি হবে। এ ব্যাপারে অ্যাটর্নি  জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, দেশের টাকা যদি অবৈধভাবে বিদেশে পাচার হয়, অবশ্যই সেই টাকা ফেরত আনতে আমরা আইনগত ব্যবস্থা নেব। রাষ্ট্রের টাকা কোথাও যদি পাচার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব। রাষ্ট্রের এবং জনগণের টাকা ফেরত আনা হবে। একই সঙ্গে এই টাকা পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে।