বাগেরহাটের মোংলায় এক তরুণীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণ করেছে লম্পট দুই যুবক। পরে গত বুধবার মেয়েটিকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে তাকে উদ্ধার ও যুবক দুজনকে আটক করেছে পুলিশ। একই দিন ঢাকার সাভারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয় এক রিকশাচালককে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, বন্ধুদের প্রলোভনে পড়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। লম্পট দুই যুবক টানা পাঁচ দিন বিভিন্নস্থানে তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঐ তরুণীকে বানীশান্তা যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে তাকে উদ্ধার করে মোংলা থানা পুলিশ, আটক করে দুই যুবককে। ধর্ষণ এবং যৌনপল্লিতে বিক্রিচেষ্টার দায়ে বুধবার রাতে যুবক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গতকাল বৃহস্পতিবার বাগেরহাট আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম ইপিজেডে চাকরির সুবাদে খাগড়াছড়ির মহালছড়ির কালাপাহাড় এলাকার ঐ তরুণীর সঙ্গে পরিচয় হয় মোংলার শেহলাবুনিয়ার সুমন শরিফ ও মেহেদী হাসানের। গত সপ্তাহে মেয়েটিকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তাকে ঝিনাইদহ সদরে নিয়ে যায় ঐ দুই যুবক। সেখানে অপর এক বন্ধুর বাড়িতে তিন দিন থাকার পর গত মঙ্গলবার তরুণীকে মোংলার শেলাবুনিয়ায় মেহেদী হাসানের বাড়িতে নেওয়া হয়। এখানে একজনের স্ত্রী পরিচয় দিয়ে দুদিন রাখার পর বুধবার বিকালে ঐ তরুণীকে ট্রলারে বানীশান্তা যৌনপল্লিতে পাচারের চেষ্টাকালে খবর পেয়ে মোংলা থানা পুলিশ তাকে উদ্ধার এবং সুমন ও মেহেদীকে আটক করে। ঐ তরুণীর ডাক্তারি পরীক্ষার পর তাকে আদালতে নিরাপত্তা হেফাজতে সোপর্দ করেছে পুলিশ।
সাভারে ধর্ষণের শিকার শিশু, রিকশাচালক আটক
সাভার থেকে তুহিন খান জানান, সেখানে সাড়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সৈয়দ মিয়ার (৫৫) বাড়ি বরিশালে। শিশুটির মা জানান, তারাও জয়নাবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি ও তার স্বামী বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মক্ষেত্রে যান। তখন বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী রিকশাচালক সৈয়দ মিয়া তার শিশুকন্যাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় শিশুটি চিত্কার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষককে আটক করে সাভার মডেল থানায় খবর দেন।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নবীনগর সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একইছড়া গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারিকুল ইসলাম নামে এক যুবককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। সে একইছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। জানা যায়, বুধবার সকালে ঐ স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় লম্পট তারিকুল তাকে ভুলিয়ে ভালিয়ে গ্রামের নির্মাণাধীন একটি নির্জন বাড়িতে নিয়ে যায় এবং মেয়েটিকে ধর্ষণ করে। পাশের রাস্তায় চলাচলরত পথচারীরা বিষয়টি টের পেয়ে তারিকুলকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে আটক করে শিবপুর ফাঁড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। জানা যায়, শিবপুর ফাঁড়ি থানায় ধর্ষক তারিকুলকে ঐ স্কুলছাত্রীর পরিবার মেয়েটিকে বিয়ে করে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয়। সে প্রস্তাবে রাজি না হলে বুধবার রাতে তারা তারিকুলের বিরুদ্ধে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, ধর্ষণের শিকার ঐ স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীকে বলাত্কারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক আটক
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া শ্যামলী (গরুর হাট) এলাকার আল এহসান নূরানী ও হেফজ মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীকে বলাত্কারের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক দুই শিক্ষক হলেন গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা মামলা তুলে নিতে বাদীকে হুমকি
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, চরফ্যাশনে ধর্ষণচেষ্টার অভিযোগে এক গৃহবধূর দায়েরকৃত মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে জানা গেছে। এমনকি মামলা তুলে না নিলে ভিকটিমকে মাদক মামলায় ফাঁসানোর হুমকিও দিচ্ছে আসামি আবুল খায়ের (আবু) ও তার পরিবার। এতে নিরাপত্তাহীনতায় ওই গৃহবধূ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদকর্মীদের কাছে ওই গৃহবধূ এমন অভিযোগ করেছেন।