নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে মৌমিতা আক্তার (২৫) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌমিতা আক্তার সিংড়া উপজেলার বিয়াস থানার আয়স গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে। তিনি নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন।
জানা যায়, বৃহস্পতিবার সারাদিন তাকে দেখতে না পেয়ে অন্য ছাত্রীরা খোঁজ নিতে গিয়ে মৌমিতার কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজার ফুটো দিয়ে ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মালিককে খবর দেয়। পরে মালিক পুলিশকে জানালে তত্ক্ষণাত্ এসে তারা দরজা কেটে মৃতদেহটি উদ্ধার করে। মৌমিতা বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের শেষ বর্ষের ছাত্রী। তিনি নাটোর শহরের ঐ ছাত্রী নিবাসে দুই বছর ধরে রয়েছেন।
নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।