আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পাঁচ পদ এখনো শূন্য

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ পদে মনোনীত করেছেন। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

গত বছরের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে ধর্ম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং দুটি কেন্দ্রীয় সদস্য পদ তখন খালি ছিল। কিছুদিন আগে বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক করা হয়েছে। আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনো পাঁচটি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে প্রেসিডিয়ামে দুইটি ও কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশক্রমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে সংগঠনের সভাপতির পদটি শূন্য হয়। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মো. নূর কুতুব আলম মান্নানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।