গোটা ফুটবল দুনিয়া আজ শোকাহত। শোবিজেও এর বিষণ্নতা ছড়িয়ে গেছে। ফুটবল গড বলে যাকে অভিহিত করা হয়, সেই দিয়াগো ম্যারাডোনার জীবনাবসানে ফেসবুকে শোকের শ্লোক লিখেছেন তারকারা। বলিউড কিং শাহরুখ খান লিখেছেন ‘দিয়াগো ম্যারাডোনা, তুমি ফুটবলকে আরো সুন্দর করে তুলেছো। তোমাকে খুব মিস করবো সবাই। এই পৃথিবীতে যেমন ছিলে তুমি তেমনি আনন্দময় স্বর্গেই থাকবে এই কামনা করি।’ শাকিব খান লিখেছেন, ‘আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ম্যারাডোনা। তিনি ছিলেন সেরাদেরও সেরা। তার আত্মা শান্তিতে থাকুক।’ জয়া আহসান লিখেছেন ‘বিদায় রাজপুত্র।’ আলিফ আলাউদ্দীন লিখেছেন, ‘এ কেমন দুঃখের সংবাদ! ম্যারাডোনা, আমি আর্জেন্টিনার সমর্থক হয়েছিলাম শুধু তোমার জন্য। সৃষ্টিকর্তা তোমাকে শান্তিতে রাখুন।’
একাধিক হলিউড মুভি অ্যানিমেটর, চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা লিখেছেন, ‘তুমি কী স্বর্গেও প্রতিপক্ষের ডিফেন্সকে নাস্তানাবুদ করবে? ধন্যবাদ ডিয়েগো! অবশেষে তোমার জন্য কিছুটা শান্তির জায়গা তৈরি হলো!’
এর আগে ৬০তম জন্মদিনের কয়েকদিন পরই মাথায় অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি যাওয়া হয়নি এ ফুটবল কিংবদন্তীর। মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়ানোর জন্য তাকে রাখা হয় রিহ্যাব সেন্টারে। তারপর বাড়ি ফিরলেও না ফেরার দেশে চলে গেলেন ‘হ্যান্ড অব গড’-এর মালিক।
হলিউড অভিনেতা ব্র্যাড পিট লিখেছেন, ‘বিদায় রাজা।’ আলিয়া ভাট লিখেছেন, ‘এমন দুঃসময়ের পৃথিবীতে ফুটবল রাজার প্রস্থান!’ জেনিফার লরেন্স লিখেছেন, ‘ম্যারাডোনা, তুমি চিরবিস্ময় হয়ে থাকবে এ পৃথিবীতে।’ ‘ফুটবলের রাজা ছিলেন, ফুটবলের ভগবান ছিলেন।’—প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে এভাবেই সম্মান জানালেন নন্দিত অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়।
ম্যারাডোনার হঠাত্ মৃত্যুতে সারাবিশ্বেই আজ শোকের ছায়া। তাকে নিয়ে লিখছেন নানা অঙ্গনের মানুষরা। লিখছেন কলকাতার অভিনেতা প্রসেনজিতও। তার ভাষ্যে, ‘আমাদের সকলেরই একটা hero-worship থাকে। ফুটবলে পেলের পরে এটা অবশ্যই ম্যারাডোনা। এটা একটা বড় ক্ষতি। আর ওর অবদান ভাষায় বর্ণনা করা যায় না।’
ইত্তেফাক/টিআর