ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা হাসপাতালের ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুক্রবার সকালে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হাসপাতাল চত্বরেই আয়োজিত জনসভায় তিনি বলেন, প্রায় ৫ লাখ জনবসতির একমাত্র চিকিত্সাসেবা কেন্দ্র ভাঙ্গা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে রোগীদের সেবা প্রদান করা হতো। তিনি উল্লেখ করেন, হাসপাতালটিকে অচিরেই ৫০ থেকে ১০০ শয্যায় রূপান্তরের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে রোগীদের সেবা প্রদান করে যান। আপনাদের নিরাপত্তা প্রদানে প্রশাসনসহ আমি সব সময় আপনাদের পাশে আছি। নতুন ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন ফকির। তিনি এ সময় বলেন, ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা সময়ের দাবি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বাস্থ্য অধিদপ্তর প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান প্রমুখ।